
স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা অভ্যন্তরে কাভাড ভ্যানে থাকা গ্যাস লিকেস থেকে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী এক দোকানে নারী সহ ৭জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি
রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে প্রীতি গ্রুপের একটি কারখানা অভ্যন্তরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঢাকা-৪ এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, অগ্নিকান্তের ঘটনায় এ পর্যন্ত আমরা ৭টি লাশ উদ্ধার করেছি। এরমধ্যে কারখানার বাহিরে এক নারী সিলিন্ডারের আঘাতে মারা গেছে। কারখানার অভ্যন্তরের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানের ভিতর থেকে আরো পাঁচ জনের (পুরুষ) আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো কোনোটা গাড়ির স্টেয়ারিং এ বসা ছিল কোনটা কাবার ব্যান্ডের ভিতরে ছিল কোনটা কাভার ভ্যানের নিচে পড়া অবস্থায় ছিল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ডিইপিজেড, জিরাবোসহ বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিসে কয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসলেও বর্তমানে ডাম্পিং এর কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা থেকেই আগুনের সূত্রপাত। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানা চত্বরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর কারখানা এলাকা থেকে একের পর এক বেশ কয়েকটি বিকট শব্দে আওয়াজ পাওয়া যায় এবং দূর থেকেই ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখতে পাওয়া যায়। তিনটি কাভার্ড ভ্যানে ভিতরে ছিল গ্যাস সিলিন্ডার গুলো।
এ ঘটনায় ডিইপিজেড ও জিরাবো মডান ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, গার্মেন্টস চত্বরে বড় কাভার্ড ভ্যান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার লোড আনলোডের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিকট শব্দে বিস্ফোরণের পরপরই কারখানার শ্রমিকদের মাঝে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার জানালা দরজার গ্লাস ভেঙ্গে পড়ে। জীবন বাঁচাতে একযোগে বাইরে বের হতে শুরু করেন শ্রমিক। তবে একের পর এক বিস্ফোরণের আশঙ্কায় ভয়ে উৎসুক জনতা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়ার সাহস পাননি।
এদিকে স্থানীয়দের দাবি, কারখানার ভেতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানি জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে।নিহত মোছাম্মত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
কারখানার ফিনিশিং বিভাগের মাননিয়ন্ত্রণ শাখার পরিদর্শক রাকিব হোসেন বলেন, কাজ শেষ করার দিকে হঠাৎ গ্যাস লিকেজের শব্দ শুনতে পান তিনি। এর কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালের (ব্যবস্থাপক) হারুন অর রশিদ বলেন, প্রীতি গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের হাসপাতালে ১৩ জনকে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটা পূর্ণ হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। অন্য ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
Leave a Reply