
স্টাফ রিপোর্টার : সাভারে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় “জাহাঙ্গীর এন্টারপ্রাইজ” নামক দোকানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানটিতে চাল ও আটা বিক্রি করার সময় এফ রহমান রূপক (৪৮) আমার এক যুবক দোকানে অনিয়মের অভিযোগ তোলে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় । তখন তার সাথে মো: মনজুরুল হক মঞ্জু (৫২), মো: আবু বক্কর সিদ্দিক (৪১) ও পিন্টু শেখ (৪৭) ছিল। তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেন।
পরবর্তীতে তারা দোকানটিতে অভিযান পরিচালনা ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
দোকান মালিক মো: জাহাঙ্গীর হোসেন ও উপস্থিত কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে উপস্থিত জনগণের সন্দেহ হলে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করে তখন কৌশলে পিন্টু শেখ সেখান থেকে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন বলেন, এলাকাবাসীর চারজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় দোকান মালিক মো: জাহাঙ্গীর হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply