
স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ার জামগড়া এ”লাকায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এর ভেতরে দাঁড়িয়ে থাকা সিএনজি সিলিন্ডারবাহী ভ্রাম্যমাণ গাড়িতে বিস্ফোরণ ও আগুন পুড়ে হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রীটি গ্রুপের কারখানা চত্বরে কাভার্ড ভ্যানের ভিতর থাকা সিলিন্ডার বিষ্ফোরণের হতাহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় প্রীটি গ্রুপের ছয়জন কর্মকর্তার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের পরিচয় প্রকাশ করছেন না।
মামলা হওয়ার পর কেউ গ্ৰেপ্তার নেই জানিয়ে ওসি বলেন, তদন্তপূর্বক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত; রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত পৌনে ১২টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। কারখানা প্রাঙ্গণে থাকা সাত-আটটি সিলিন্ডারবাহী গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজন চালকের আসনে বাসা অবস্থাতেই দগ্ধ হয়ে মারা যান। সবার শরীর ভয়ানকভাবে পুড়ে গেছে।
বিস্ফোরণের পর সিলিন্ডারের ছিটকে আসা অংশের আঘাতে রাস্তার কাপড়ের দোকানি মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান।
মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামের আরও একজন মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।
আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী, আনসার সদস্য রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এসব ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply