
স্টাফ রিপোর্টার : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনে উষ্কানি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার তাদের আটকের বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ঘটনার বিবরণ দিয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, চলমান শ্রমিক আন্দোলনে পেছন থেকে উষ্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে জিরাবো এলাকা থেকে শামীমকে, বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আটককৃত নেতাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply