অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার শাহ আলমে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সি এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাহ আলমের জালান বুকিত কেমুনিংয়ে, তামান শ্রী মুদা থেকে ক্লাংমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার সারুদিন সামাহ এক বিবৃতিতে জানান, ওই বাংলাদেশি পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি এবং এর চালককে শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ঘটনাটি রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দিয়ে তদন্তে সহায়তার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে পুলিশ।