স্টাফ রিপোর্টার : টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান (৬৬) মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল খান ধামরাইয়ের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। শুটিংয়ের কাজে গত চার দিন ধরে তিনি বগুড়ায় ছিলেন। মঙ্গলবার সকালে সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
অভিনয়ের পাশাপাশি রাজাপুরের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সোহেল খান। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তাঁর বড় ভূমিকা ছিল বলে জানান স্বজনেরা। আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, “গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই সোহেল মামা যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে, সেটির পেছনে মূল ভূমিকাই ছিল তাঁর। গ্রামের উন্নয়নের যেকোনো ভালো উদ্যোগে তিনি ছিলেন সামনের সারিতে।”
মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নানা চরিত্রে অভিনয় করা সোহেল খানের বিশেষত্ব ছিল গ্রামীণ জীবন, আঞ্চলিক ভাষা ও স্থানীয় সংস্কৃতিকে পর্দায় জীবন্ত করে তোলা।
তাঁর ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তাঁর ভেতরে কোনো অহংকার ছিল না; ধনী-গরিব ভেদাভেদও করতেন না।
সোহেল খানের ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিম স্মৃতিচারণ করে বলেন, সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় বকাঝকা করেছি, কখনো রাগ করেনি। উল্টো বলত- ‘মিয়া ভাই, আমার গালে একটা থাপ্পর মারেন, তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।’
সোহেল খান প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত একটি সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন। মৃত্যুর আগের রাতেও তাঁদের কথা হয়েছিল এবং রাত ১১টার দিকে শুটিং প্যাকআপ করা হয়েছিল বলে জানান আরশাদ আদনান। তিনি বলেন, সোহেল ভাই মাটির মানুষ ছিলেন। আমাদের সিনিয়র শিল্পী ও বড় ভাই ছিলেন তিনি। শুধু আমার সিনেমা নয়, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।