স্টাফ রিপোর্টার : তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরপরই বাড়ি ভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনো বাড়ির মালিক যদি শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বৃদ্ধি করেন, তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
রবিবার সন্ধ্যায় সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, "নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন নানা অজুহাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি বোর্ড গঠিত হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে।
মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, পোশাক শিল্পের মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে নিরপেক্ষ মজুরি বোর্ড কাজ করছে। আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তবে এটা নিশ্চিত যে শ্রমিকদের বেতন বাড়বে।
বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, অনেক শ্রমিক আমাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যা-ই বাড়ুক তারা কাজে ফিরে যাবেন, কিন্তু বাড়ির মালিকরা যেন ভাড়া না বাড়ান। শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে আপনারা যদি বাড়ি ভাড়া বাড়িয়ে দেন, তবে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাড়ির মালিকদের অনুরোধ জানিয়ে বলেন, মহান আল্লাহ আপনাদের আর্থিকভাবে সচ্ছল করেছেন, আপনারা বাড়ি বানিয়ে সাধারণ শ্রমিকদের ভাড়া দিয়ে আয় করেন। মানবিক দিক বিবেচনা করে বেতন বৃদ্ধির পরপরই ভাড়া বাড়াবেন না। এরপরও যদি কেউ ভাড়া বাড়ান, তবে জেলা প্রশাসক, সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভা থেকে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে আগামী এক-দুই দিনের মধ্যে বাড়ির মালিকদের সাথে আলাদাভাবে বসে এ বিষয়ে অনুরোধ জানানোর নির্দেশ দেন।
শুধু সাভার নয়, দেশের সব শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাভার ছাড়াও গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সকল পোশাক শিল্প এলাকার বাড়ির মালিকদের প্রতি আমার পুনরায় অনুরোধ- শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে দয়া করে আপনারা বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন না।
এদিকে মতবিনিময় সভায় অংশ নেওয়া শ্রমিক নেতাদের কথা না শুনেই অতিথিরা বক্তব্য দিয়ে চলে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত নেতারা। সভায় উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, "মতবিনিময় করার জন্য আমাদেরকে জরুরিভাবে তলব করা হয়েছিল। আমরা এত কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছি। কিন্তু প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্টরা আমাদের সাথে কোনো কথা না বলেই শুধু নিজেরা বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে আর এই মতবিনিময় সভার লাভ কী হলো?"
এসময় স্থানীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম, সাভার উপজেলা নীর ভাই অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।