আশুলিয়া প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
সোমবার সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে সড়কের পাশে থাকা অধিকাংশ কারখানা সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে অনন্তের সামনে আসেন ও পরে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে হাজিরা ঠিক রাখার জন্য কার্ড পান করেন। পরে নয়টার পরে শ্রমিকরা একে একে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবস্থান নেয়। প্রথমে নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। পরবর্তীতে নিট এশিয়া, অনন্ত, ট্রাউজার লাইন কারখানাসহ আশপাশের অনেক কারখানার শ্রমিকরাই সড়কে বেরিয়ে আসে।