ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজি চালক।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নান্দেশ্বরী এলাকায় সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) ও সিএনজি চালক জুয়েল (৪০) এদের সকলেরই বাড়ি টাঙ্গাইল জেলায়।
দুর্ঘটনায় আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিমকে (৩৫) উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের জানায়, বিকাল আনুমানিক তিন টার দিকে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন এলাকায় যাত্রীবুঝাই সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল নিহত হয়। আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজির যাত্রী জাকারিয়া ও আঁখির মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন সিএনজির যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর পালিয়ে যায় পিকআপটি। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।