আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ঘরের তালা ভেঙে পোশাকশ্রমিক, তাঁর স্বামী ও নবজাতকের গলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত পোশাকশ্রমিক নাজমা খাতুনের ছোট বোন মোছাঃ শাপলা বেগম বাদী হয়ে রোববার আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা (মামলা নং-৩০) দায়ের করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড়মাগুরা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন (৩৯) ও তাঁর স্বামী আলমগীর কবির (৪৫) আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর বাসায় ভাড়া থাকতেন। ৭ মাসের অন্তঃসত্ত্বা নাজমা গত ১ সেপ্টেম্বর বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গত ৫ সেপ্টেম্বর রাতে ওই ঘরের তালা ভেঙে ভেতরে তাঁদের গলিত লাশ ও এক নবজাতকের লাশ দেখতে পায় পুলিশ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে নাজমা খাতুন, তাঁর স্বামী আলমগীর কবির ও তাঁদের নবজাতক শিশুকে হত্যা করে আলামত গায়েব করার উদ্দেশ্যে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানায়, পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।